বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৮:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় আজ বিকেলের মধ্যেই সারা দেশে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে অবস্থিত দুটি ভাসমান এফএসআরইউ (টার্মিনাল) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করতে গত বৃহস্পতিবার সাময়িক সমস্যা হয়েছিল। তবে আজ শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে দ্রুতই পাইপলাইনে গ্যাসের চাপ স্বাভাবিক হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে বা স্থিতিশীল হলে দেশেও দ্রুততম সময়ে মূল্য সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো অগ্রগতি হয়েছে এবং বাকি কাজগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক মানুষ উন্নত সেবা পায়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএইচ
আরও পড়ুন










